ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

ভারতের হাসপাতালে অগ্নিকাণ্ডে তিন শিশুর মৃত্যু

দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ দেশ ভারতের মধ্যপ্রদেশের কমলা নেহরু হাসপাতালের শিশু বিভাগে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এতে ‘গুরুতর অসুস্থ’ তিন শিশুর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। ঘটনাটির পর শোক প্রকাশের পাশাপাশি উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।


সোমবার (৮ নভেম্বর) সন্ধ্যার দিকে ভোপালের হাসপাতালের তৃতীয় তালায় শিশু বিভাগে আগুনের সূত্রপাত ঘটে। এরপর দ্রুত ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। পরবর্তীকালে রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের সময় হাসপাতালটিতে কমপক্ষে ১৫০ শিশু ভর্তি ছিল বলে দাবি করেছে দেশটির একাধিক গণমাধ্যম। তাদের দ্রুত অন্যান্য ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়।


এ দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন শিশুদের স্বজনরা। তারা হাসপাতালের ভেতরে প্রবেশের চেষ্টা করেন। এরপর তাদের নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়।


ভোপালের (দক্ষিণ) পুলিশ সুপার বিজয় খাতরি বলেছেন, আগুনের প্রকৃত কারণ এখনো জানা যায়নি। যদিও তা অতি অল্প সময়ের মধ্যে নিয়ন্ত্রণে আনা হয়। পরিবারের সদস্যরা যাতে সহযোগিতা করেন, সেই চেষ্টা করা হচ্ছে।


অপর দিকে টুইট বার্তায় রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, ভোপালের কমলা নেহরু হাসপাতালের শিশু বিভাগে আগুনের ঘটনাটি ভীষণই দুঃখজনক। দ্রুত উদ্ধারকাজ শুরু করা হয়। ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এবার ঘটনাটির তদন্ত করবেন এসিএস (পাবলিক হেলথ অ্যান্ড মেডিকেল এডুকেশন) মহম্মদ সুলেমান।


তিনি আরও বলেন, এরই মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত তিন শিশুর মৃত্যু হয়েছে। যারা গুরুতর অসুস্থ অবস্থাতে ছিল। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।


সূত্র : হিন্দুস্তান টাইমস

ads
ads
ads

Our Facebook Page

↑